আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত ইছালী ইউনিয়নের প্রয়াত নেতাকর্মীদের স্মরণ ও দোয়ার মধ্য দিয়ে পঞ্চম দিনের নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। সোমবার সকালে হাশিমপুর বাজারে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের সাথে কুশল বিনিময়ের মাধ্যমে তিনি দিনের কর্মসূচি শুরু করেন।
প্রচারণার শুরুতেই ইছালী ইউনিয়নের সর্বস্তরের মানুষের ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হন অনিন্দ্য ইসলাম অমিত। এ সময় এক আবেগঘন পরিবেশে বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে নিহত বিএনপি নেতা শহীদ খলিলুর রহমান, শহীদ কোহিনূর রহমান এবং পুলিশের ধাওয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতলেবসহ প্রয়াত সকল নেতাকর্মীর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত শেষে তিনি দিনভর ইছালী ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।
এদিকে, ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে রোববার (২৫ জানুয়ারি) বিকেলে শহরের শংকরপুর স্যার গোডাউন মোড়ে এক বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। চাঁচড়া কলোনী রেলস্টেশন এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী সাইফুজ্জামান মজু।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম। তিনি তার বক্তব্যে দেশ ও গণতন্ত্র রক্ষার লড়াইয়ে ধানের শীষে ভোট দিয়ে অনিন্দ্য ইসলাম অমিতকে জয়যুক্ত করার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা হাজী আনিসুর রহমান ও নগর বিএনপির যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম জহির। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহান বাবু, আবু জাফর, আবুল কাশেম কালু, অধ্যাপক ইবাদত খান, ইয়াসির আরাফাত এবং জেলা ছাত্রদলের সভাপতি কামরুজ্জামান বাপ্পি প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক।


























